হিলি ইমিগ্রেশন

ভিসা ইস্যু চালু হলেও হিলি দিয়ে ভারতে যেতে পারছেনা পর্যটকরা

পর্যটকরা জানান, এরই মধ্যে হিলি ইমিগ্রেশেন চেকপোষ্ট দিয়ে ভারতে যেতে পর্যটক ভিসা পেয়েছেন তারা। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেও ইমিগ্রেশন চেকপোষ্টে এসে দেখেন এ পথ এখনো চালু হয়নি। এ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তারা।

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন রুটে পর্যটক ভিসা ইস্যু চালু হলেও ভারতে যেতে পারছেনা পাসপোর্টধারী যাত্রীরা। নতুন করে ভিসা পেয়ে অনেকে ভারতে যাওয়ার জন্য হিলি ইমিগ্রেশনে আসলেও তাদের ফিরে যেতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। 

হিলি ইমিগ্রেশন সূত্র বলছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে এ রুটে নতুন করে পর্যটক ভিসা ইস্যু শুরু করে। তবে ভারত যাত্রী গ্রহণ না করায় এ রুট দিয়ে কোনো পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছেনা। নতুন করে ভিসা পেয়ে অনেকে ভারতে যাওয়ার জন্য হিলি ইমিগ্রেশনে আসলেও তাদের ফিরে যেতে হচ্ছে। তবে অন্যান্য ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করলেও এ পথ দিয়ে দেশে ফিরতে পারছেন যাত্রীরা।

ভারতে ভ্রমনের উদ্দেশ্যে চেকপোষ্টে আসা পর্যটকরা জানান, এরই মধ্যে হিলি ইমিগ্রেশেন চেকপোষ্ট দিয়ে ভারতে যেতে পর্যটক ভিসা পেয়েছেন তারা। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেও ইমিগ্রেশন চেকপোষ্টে এসে দেখেন এ পথ এখনো চালু হয়নি। এ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তারা। 

তোফাজ্জল হোসেন নামের এক পর্যটক বলেন, যদি নাই চালু হয় তাহলে আমাদের ভিসা দিলো কেন? এটিতো একপ্রকার হয়রানি। টিকিট, হোটেল বুকিংসহ সব প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। আর এখন এসে শুনছি যাওয়া যাবেনা। আমরা চাই দ্রুত এই পথ দিয়ে যাত্রী যাওয়া শুরু করা হোক।

মোস্তাফিজুর রহমান নামের আরেক পর্যটক বলেন, ভারতে যাওয়ার জন্য শুক্রবার হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে আসলেও কর্তৃপক্ষ বলছে এই পথ দিয়ে ভারতে যাওয়া যাবেনা। ভারত যাত্রী নিচ্ছেনা যার কারণে এখনো এই পথ দিয়ে ভারতে যাওয়া সম্ভব নয়। আমি ভারতে যাওয়ার জন্য ট্রেনের টিকিটসহ সবকিছু কেটে নিয়েছিলাম। এখন না যেতে পেরে বিপাকে পড়তে হচ্ছে। তাছাড়া আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর গত বছরের ১৬ই মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের কার্যক্রম শুরু হয়। তবে সেসময় শুধুমাত্র ভারত থেকে আগমনী যাত্রী দেশে আসা শুরু হয়। এখন পর্যন্ত সে কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি হিলি রুটে ভিসা দেয়া শুরু করলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনিহা প্রকাশ করায় এখন পর্যন্ত এই পথ দিয়ে কোনো যাত্রী ভারতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। তবে আমাদের দিক থেকে যাত্রী বহির্গমনের বিষয়ে কোন বাধা নিষেধ নেই।


আরও