সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিফ প্রেস ব্রিফিংয়ে বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। গোপন এ তথ্যের ভিত্তিতে, সোমবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন তিনি। জব্দ অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।