প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আগে সারা দেশে একসঙ্গে কাঁচা চামড়া আসত। চামড়া পচে যাবে সে কারণে দাম না পেলেও বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। এবার সেটা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা চান গরিবের এ হক যেন ন্যায্যমূল্য পায়। আমাদের কমিটি আজ আবারো বৈঠকে বসবে। তখন চামড়ার দাম নির্ধারণ করা হবে। এ বছর চামড়ার দাম গত বছরের চেয়ে বেশি হবে। বৈঠকে আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, নির্ধারিত পশুর হাটের বাইরে পশু কেনাবেচা যেন না হয়। হাসিল ৫ শতাংশ থেকে কমানোর চেষ্টা হচ্ছে। এছাড়া সরবরাহ ও চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা।’
শেখ বশিরউদ্দীন বলেন, ‘এতিমদের হক চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি বৈঠক করেছে। যেখানে বড় সিদ্ধান্ত হলো মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ দেবে সরকার। প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত চামড়ার ন্যায্যমূল্য না পাবে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করবে।’ মাদরাসা ও এতিমখানায় ব্যবস্থাপনা এবং সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করব। সেগুলো ব্যাপকভাবে প্রচার করা হবে। ঈদের পরের দিন এ কমিটি আবার বসবে, দাম ঠিক রাখতে সব সময় কাজ করা হবে।’
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘সুষ্ঠু বাজার, পরিবহন ও দামে সঠিক বাস্তবায়ন হবে এবার। কোনো ধরনের ক্ষতিকারক ওষুধ ব্যবহার করে প্রাণীকে মোটাতাজা না করা হয় সে বিষয়ে আমরা কাজ করছি।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, ‘পরিবহনকেন্দ্রিক চাঁদাবাজি কমিয়ে আনতে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করবে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা জনগণকে সার্বিক সহায়তায় সচেষ্ট থাকবে। কেন্দ্রীয় সেল গঠন করা হবে। হটলাইন নম্বর ও ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানালে পুলিশ ও সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, এ বছর কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতসহ কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় কমিটি করে প্রজ্ঞাপন জারি হয় মঙ্গলবার। উচ্চ পর্যায়ের কমিটিতে আছেন ১৭ সদস্য, যার আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শিল্প সচিব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেসরকারি প্রতিনিধি (সরকার মনোনীত)। কমিটিতে সদস্য সচিব বাণিজ্য সচিব।
কমিটি সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং এজন্য পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ; চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সঙ্গে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করবে।