সীমান্তে পুশ-ইন সমস্যার সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সেইসঙ্গে সীমান্তে নিয়ে আসা মানুষদের মানবাধিকারের প্রতিও দুই দেশের সম্মান দেখানো উচিৎ বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ও ভারত সীমান্তে মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা ও দিনের পর দিন খোলা আকাশের নিচে তাদের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমি মনে করি, আলোচনার মাধ্যমে এবং মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এই সমস্যার সমাধান করা উভয় দেশেরই দায়িত্ব।