গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন দিবস উদযাপন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আয়োজিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

উইন্টার ২০২৪ টার্মের বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এবং ডিভিএম প্রোগ্রামের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ শিক্ষার্থী এদিন স্নাতক সম্পন্ন করেন।

সকাল সাড়ে দশটায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।

পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য। এতে উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুষদভিত্তিক ডিনরা ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। এরপর শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, কৃষিখাতে দেশের অগ্রগতিতে দক্ষ মানবসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কৃষিবিদদের জ্ঞান, গবেষণা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী আয়োজন শেষে ফটোসেশন, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে সাজসজ্জা, ফটো কর্নার ও মিলনমেলার পরিবেশ তৈরি হয়।

আরও