কুমিল্লায় একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে তাদের দুইজনকে বরখাস্ত করা হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার রাতে ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু।