প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল বৃহস্পতিবার রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগে ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়া প্রায় অসম্ভব। জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
কফিল উদ্দিন আরো বলেন, বিভিন্ন উপজেলায় বেশ কিছু সংখ্যক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। কাজেই প্রাকৃতিক দুর্যোগের বিষয় বিবেচনায় আজও (বুধবার) শ্রেণী পাঠদান বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও সব বিদ্যালয়গুলো শ্রেণী পাঠদান বন্ধ থাকবে।