রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পান করে দুইজন মারা গেছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা হলেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০) ও রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২)। এ ঘটনায় জয়নুল আবেদীন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কিসামত বসন্তপুর এলাকার কয়েকজন মাদকসেবী নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদীনের কাছ থেকে বিষাক্ত মাদক সেবন করেন। এদের মধ্যে আলমগীর ও সোহেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি গোপন রাখতে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চিকিৎসা দেয়ার চেষ্টা করা হলেও রাতেই তাদের মৃত্যু হয়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানান, শ্যামপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক বেচাকেনা চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাদক কারবারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান জোরদারের দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারর করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।