ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশী কৃষক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজের জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। আহত মোশাররফ উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
আহত কৃষক মোশাররফ জানান, শুক্রবার বিকালে সীমান্তের কাছে নিজের জমিতে চাষাবাদ করছিলেন তিনি। এ সময় কোনো উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে একটি গুলি তার পিঠের বাঁ পাশে বিদ্ধ হয়।
এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে কিছু অংশ এখনো পেটের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।