সংযুক্ত আরব আমিরাত দুবাই বাংলাদেশ কনসুলেটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রবাসী শ্রমিকদের নিয়ে `রেমিট্যান্স যোদ্ধা দিবস' পালন করেছে। শনিবার (২ আগস্ট) দুবাই সময় রাত ৯টা কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে কনসুলেটের কনফারেন্স রুমে "রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫" উপলক্ষে ‘জুলাই চিত্র প্রদর্শনী’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির নেতারা, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫’ উপলক্ষে কনসাল জেনারেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ২০২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধাদের অসামান্য ভূমিকার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়, যেখানে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদান ও প্রবাসীদের জন্য সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
আলোচনা সভায় অংশ নেয়া প্রবাসী কর্মী, বাংলাদেশ কমিউনিটি নেতারা এবং অন্যান্য শ্রেণি ও পেশার প্রতিনিধিরা ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালীন সময়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং দেশ ও কমিউনিটির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এছাড়া, তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য অবদানের কথা আরো একবার স্মরণ করেন। তিনি এ আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের এ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি আরো উজ্জ্বল করার লক্ষ্যে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। কনসাল জেনারেল তার বক্তব্যে কনসুলেটের সেবার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের সার্বিক কল্যাণে কনসুলেট সবসময় তাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. আব্দুস সালাম অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন।