বগুড়ায় মদ্যপানে ৫ জনের মৃত্যুর অভিযোগ

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানসহ পৃথক ঘটনায় বিষাক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেলা পুলিশ বলছে, দুইজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হযেছে। আর তিনজনের মরদেহ ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। জানা যায়, বগুড়া শহরের পুরান বগু

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানসহ পৃথক ঘটনায় বিষাক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যু হয়েছে।  তবে জেলা পুলিশ বলছে, দুইজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হযেছে। আর তিনজনের মরদেহ ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। 

জানা যায়, বগুড়া শহরের পুরান বগুড়া এলাকায় রবিবার রাতে এক যুবকের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় এক হোমিও ওষুধের দোকান থেকে স্পিরিক কিনে পান করেন ওই এলাকার কয়েকজন যুবক। মদ্যপানের পর স্থানীয় বাসিন্দা প্রেমনাথের পুত্র সুমন রবিদাস (৩৮), প্রতিবেশী রাজমিস্ত্রি শ্রমিক রমজান আলী (৪০) রাতে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং রমজানকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হলে সংশ্লিষ্ট চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানা পুলিশ বলছে, রমজান আলী মদ্যপানে নয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া বগুড়া শহরের কালিতলা এলাকায় রোববার দিবাগত রাতে অ্যালকাহোল জাতীয় মদ্যপান করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এদের মধ্যে জেলা শহরের কাটনার পাড়ার কুলি শ্রমিক সাজু মিয়া (৩৫), হোটেলের বাবুর্চি মোজাহার আলী (৭০) ও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে দিনশ্রমিক পলাশ সরকার (৩৫) অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।  

পরিবারের সূত্রের বরাত দিয়ে পুলিশ বলছে, তাদের মধ্যে মোজাহার আলী আগে থেকে হৃদরোগে ভুগছিলেন এবং সে রোগেই তিনি মারা গেছেন। আর পলাশ ও সাজু মিয়ার মরদেহ ময়নাতদন্ত করা হবে। 

বগুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্তী জানান, ফুলবাড়ি ও কাটনারপাড় এলাকাটি তার পৌরসভার ওয়ার্ডের মধ্যে। মারা যাওয়া তিনজনই কালিতলা বাজার এলাকার। অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতে মারা গেছেন তারা। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, মারা যাওয়াদের মধ্যে সুমন, সাজু, ও পলাশের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। বাকি দুজন রমজান আলী ও মোজাহার আলী আগে থেকেই অসুস্থ ছিলেন। তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছে। 

এদিকে অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চারজন হলেন শহরের তিনমাথা এলাকার রামনাথ রবিদাস (৪৫), প্রেমনাথ রবিদাস (৫০), রবিনাথ রবিদাস (৬০) এবং শিববাটি এলাকার রঞ্জু মিয়া (৪০)। এর মধ্যে রবিনাথ রবিদাস হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

আরও