রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে ফেলা রাখা কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোন পেয়ে শাহআলী থানা পুলিশ দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভ্যারিফায়েড ফেসবুক পেজে ঘটনাটি জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় শাহআলী থানার ডি ব্লকের ৮ নম্বর রোডের কাছের খালি জায়গায় কান্নার শব্দ পেয়ে এক ব্যক্তি কালো পলিথিনের ভেতরে নবজাতকটিকে দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত সহায়তার জন্য অনুরোধ জানান। ফোনটি গ্রহণ করেন জরুরি সেবার কর্মী মো. সাহেল খান এবং থানা পুলিশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুম বিল্লাহ।
সংবাদ পাওয়ার পর শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক চার থেকে পাঁচদিন বয়সী জীবিত শিশুটিকে উদ্ধার করে। পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শিশু হাসপাতালে নিয়ে যায়।
শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শিশুটিকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।