খুলনায় জ্বালানি তেল ‍উত্তোলন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মবিরতি

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, গতকাল সোমবার রাতে জ্বালানি তেলের মূল্য ৫ টাকা করে কমানো হয়েছে। একইসঙ্গে জ্বালানি তেলের কমিশন লিটারে ১০ পয়সা এবং ট্যাংকলরির ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে

জ্বালানি তেলে কমিশন এবং ট্যাংকলরির ভাড়া কমানোর প্রতিবাদের পাশাপাশি আগের তিন দফা দাবিতে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন তারা।

এতে খুলনা বিভাগের ১০ জেলাসহ আশপাশের ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। তবে ফিলিং স্টেশন থেকে সরবরাহ অব্যাহত আছে।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, গতকাল সোমবার রাতে জ্বালানি তেলের মূল্য ৫ টাকা করে কমানো হয়েছে। একইসঙ্গে জ্বালানি তেলের কমিশন লিটারে ১০ পয়সা এবং ট্যাংকলরির ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি জানিয়ে আসছি আমরা।

মুরাদ বলেন, আমাদের দাবির ব্যাপারে বিপিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তিনি ইতিবাচক কথা বললেও ঘটল তার বিপরীত। সোমবার রাতে তেলের দাম কমানোর পাশাপাশি আমাদের কমিশন ও ট্যাংকলরির ভাড়া কমানো হয়েছে।

পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আপাতত সারা দিন আমাদের কর্মবিরতি চলবে। পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল ইসলাম কাবুল বলেন, তিন দফা দাবি জানিয়ে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল। এসব দাবির বিষয়ে সুরাহা হবে, এমন কথা বলা হয়েছিল। অথচ সোমবার রাতে কমিশন বাড়ানোর বদলে উল্টো কমানো হয়েছে। সেই সঙ্গে ট্যাংকলরির ভাড়া কমানো হয়েছে। তাই মঙ্গলবার সকাল থকে খুলনার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যবসায়ীরা।

জ্বালানি তেল ব্যবসায়ীদের আগের তিন দফা দাবি হলো- বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো, তেলের ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরির ভাড়া বাড়ানো এবং পেট্রলপাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা।

আরও