খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী বলেন, নওগাঁ ধান উৎপাদনের জন্য দেশের অন্যতম প্রধান জেলা। একই সঙ্গে শহরগুলো দ্রুত বাড়ছে। তাই দেশের খাদ্যের চাহিদা নিজেদেরই পূরণ করতে হবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের উদ্যোগের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষের পরিস্থিতি থেকে দেশকে শস্যসমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। পাশাপাশি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে তিনিই এগিয়ে নিয়েছিলেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, নওগাঁ ধান উৎপাদনের জন্য দেশের অন্যতম প্রধান জেলা। একই সঙ্গে শহরগুলো দ্রুত বাড়ছে। তাই দেশের খাদ্যের চাহিদা নিজেদেরই পূরণ করতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তাকে জনগণের সেবা করার জন্য মন্ত্রিসভায় দায়িত্ব দিয়েছেন। ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের নানা অভিযোগ রয়েছে বলে তিনি জানেন। তবে মানুষের জন্য সততার সঙ্গে কাজ করার চেষ্টা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি দূর করতে সরকার কাজ করছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়া হবে। জনগণের সেবা করাই সরকারের দায়িত্ব। পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণ করা তাদের লক্ষ্য বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সরকার জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়। অপরাধীদের ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং জনগণের সঙ্গে থেকে কাজ করাই সরকারের লক্ষ্য।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও