জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করাসহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর পুলিশ লাইন রোডে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে আসেন শিক্ষার্থীরা। নানা ধরনের প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা।
এ সময় জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেয়া, কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা ও জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করার দাবি জানান তারা।
একই সঙ্গে মিডটার্ম পরীক্ষা ও সব ধরনের ক্লাস বয়কট করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়া হলে এ আন্দোলন চলমান থাকবে বলেও শিক্ষার্থীরা জানান। এ বিক্ষোভে বরিশালের সরকারি-বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।