রেলওয়ের সার্ভার জটিলতা কেটেছে। প্রায় ১৫ ঘণ্টা অনলাইনে রেলের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০টা ৪০ মিনিটের দিকে সার্ভার ঠিক হয়। দুপুরের মধ্যেই সার্ভার পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। তিনি বলেন, সিস্টেম আপগ্রেডেশনের কাজ করতে গিয়ে পুরো সিস্টেম শাটডাউন হয়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। কাজটি ছোট ছিল, সেজন্য আগে থেকে যাত্রীদের নোটিস দেয়া হয়নি। তবে কাজ করতে গিয়ে টেকনিক্যাল সমস্যা হওয়ায় এমনটি হয়েছে।
তবে সার্ভারের সমস্যায় ট্রেন পরিচালনা কিংবা অন্য কোনো সেবায় প্রভাব পড়েনি বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে সার্ভার জটিলতা দেখা যায়। এরপর থেকে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকে। স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকেট দেয়া হয় যাত্রীদের।
এদিকে শুক্রবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়ার শিডিউলে থাকা বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হয়। এছাড়া দেরিতে ছেড়ে যায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।
বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা স্টেশনে ভোর রাত থেকে ১টি শান্টিং ২/৩ ঘণ্টা বিকল ছিল। তার প্রভাব পড়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ওপর।