সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার রায়গঞ্জ উপজেলার সেনগাঁতী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল গাফফার (২১) একই গ্রামের জয়নাল শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২০) ও তাড়াশ উপজেলার তেঘড়ী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, বুধবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় মুরগীবোঝাই ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই মারা যান।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। ট্রাক চালক ও হেলপারকে আটক করা যায়নি। তবে তাদের আটক ও ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।