গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস গণমাধ্যমকে জানান, বিকেলে গুলিবিদ্ধ দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিতে আহত আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিবিসি বাংলাকে জীবিতেষ বিশ্বাস জানান, এখন পর্যন্ত চার জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।