পরিবেশ দূষণ রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বুধবার (১৯ মার্চ) সচিবালয়ে পরিবেশ অধিদপ্তরের মামলার অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ অধিদপ্তরের মামলা পরিচালনা আরো কার্যকর করতে আইনি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হবে। দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, যাতে অপরাধীরা ছাড় না পায়।
তিনি বলেন, বায়ু, পানি ও শিল্পদূষণের বিরুদ্ধে আইনি কার্যক্রম আরো জোরদার করা হবে। পরিবেশ সংরক্ষণে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেসি কার্যক্রম শক্তিশালী করা হবে। মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদালতে শক্তিশালী উপস্থাপনা নিশ্চিত করা হবে। এছাড়া দূষণবিরোধী অভিযান আরো কার্যকর করতে এনফোর্সমেন্ট ম্যানুয়াল তৈরির নির্দেশনা দেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় যথাসময়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।