লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার ২ প্রবাসী নিহত, পরিবারে শোক চলছে

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম (২৬)। শফিকুল আফসার আলীর একমাত্র ছেলে। নাহিদুল আব্দুল কাদেরের ছেলে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে তাদের আবাসস্থলে এ হামলা চালানো হয়। এ ঘটনায় দুই পরিবারের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম (২৬)। শফিকুল আফসার আলীর একমাত্র ছেলে। নাহিদুল আব্দুল কাদেরের ছেলে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে শফিকুল ও নাহিদুলের পাশাপাশি একজন সিরীয় নাগরিকও নিহত হন। ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফার হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষর করা এক শোকবার্তায় দুই বাংলাদেশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারের অভাব দূর করতে মাসখানেক আগে তারা লেবাননে গিয়েছিলেন। ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ বলেন, গত ২০ রমজানে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যান শফিকুল। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু বলেন, পরিবারের সুদিন ফেরানোর আশায় লেবাননে গিয়েছিলেন শফিকুল। কিন্তু কাজ শুরুর আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না।

নিহতদের বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শফিকুলের বাবা-মা। নাহিদুলের পরিবারেও চলছে শোকের মাতম।

ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, দুই পরিবারই অনেক অসহায়। ঋণ করে সন্তানদের বিদেশে পাঠানো হয়েছিল। এখন সন্তান হারিয়ে তারা মানসিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় জেলার দুই প্রবাসী নিহত হওয়ায় প্রশাসন গভীরভাবে শোকাহত। তাদের আত্মার শান্তি কামনা করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট দুই উপজেলার ইউএনওদের পরিবারগুলোর খোঁজ নিতে নির্দেশনা দেয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

আরও