ভোটের সময় নগদ টাকা বহনে কোন নির্দিষ্ট সীমা নেই: ইসি

একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন—এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, টাকা যদি বৈধ হয় আর তার উৎস সঠিকভাবে দেখানো যায়, তাহলে সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যে কেউ যেকোনো পরিমাণ টাকা বহন করতে পারবেন

ভোটের সময় নগদ টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। টাকার উৎস (সোর্স) ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে বুধবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন—এমন প্রশ্নে সচিব বলেন, টাকা যদি বৈধ হয় আর তার উৎস সঠিকভাবে দেখানো যায়, তাহলে সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যে কেউ যেকোনো পরিমাণ টাকা বহন করতে পারবেন।

তিনি আরো বলেন, ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর টাকা অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও