রাঙ্গামাটির পৃথক দুই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে নিরাপত্তাবাহিনীর হাতে দুজন আটক হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
এর মধ্যে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে এক যুবক আটক হয়েছে। আটক মো. ইয়াছিন (২৪) ঘাগড়া বাজার এলাকার বাসিন্দা। উপজেলায় ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক হন তিনি।
আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ সোহেল মোল্লা বলেন, মো. ইয়াছিন নামে এক যুবক জাল ভোট দেয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর কাছে আটক হয়েছে। সে এখন আমাদের হেফাজতে আছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এছাড়া, দুপুরে জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও জাল ভোট দেয়ার অভিযোগে আরেক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে প্রিসাইডিং অফিসার।
আটক শফিউল বাশার (১৯) ভোট দেয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিসাইডিং অফিসার ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করেন।
পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে এলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেয়া হয়েছে।
পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন বলেন, ভোট দেয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি ভোট দিতে পারেনি। প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে পুলিশের মোবাইল টিমের কাছে তাকে তুলে দেয়া হয়েছে।