দিনাজপুরের বীরগঞ্জে মরিচা কোনপাড়া এলাকায় ব্রিজের নিচ থেকে মো. আরিফুল হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
মো. আরিফুল হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
মৃত আরিফুল হোসেনের প্রতিবেশী মো. আনিসুর রহমান আনিস জানান, গত বৃহস্পতিবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল হোসেন। পরে রাতে তার মাকে ফোন করে ভ্যান বিক্রয় করার বিষয়টি জানান এবং মরিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় আত্মীয় বাসায় থাকবেন ও সকালে বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু সকালে এলাকাবাসীর কাছে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।
বীরগঞ্জ থানার এসআই মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।