বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। দাম কমানোর এই মাইকিং শুনে বরগুনার মাছ বাজারে ভিড় করেছেন ক্রেতারা। শনিবার (৯ আগস্ট) বিকেলের দিকে বরগুনা পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বরগুনা পৌর শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ক্রেতারা ছোট আকারের ইলিশ কিনতে পারছেন ৫০০ টাকা কেজি দরে। সব ইলিশ বিক্রি হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলে মাইকিং। একই আকারের ইলিশ এর আগে বিক্রি হয়েছে এক হাজার থেকে থেকে ১ হাজার ২০০ টাকায়।
সাইফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, অনেক দিন ধরে ইলিশ মাছ কিনতে পারিনি। দাম নাগালের বাহিরে ছিল। দেখলাম বাজারে মাইকিং করে কম টাকায় ইলিশ বিক্রি হচ্ছে। এ বছর এই প্রথম কিনতে এসেছি। ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তাই ৩ কেজি কিনেছি।
রিপন মল্লিক নামে আরেক ক্রেতা বলেন, মাইকিং শুনে বাজারে এসেছি। এ বছর ইলিশ মাছের দাম বেশি থাকায় কেনার সাহস করিনি। তবে আজকের মাইকিং শুনে সাহস করে বাজারে এসেছি এবং কিছু মাছ কিনে নিব।
ইলিশ বিক্রেতা কামাল জানান, পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর থেকে বিকালে কয়েক মণ মাছ বিক্রির জন্য বরগুনার বাজারে নিয়ে এসেছি। স্থানীয় বাজারের দামের তুলনায় মহিপুরে ইলিশের দাম কিছুটা কম থাকায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
বরগুনা মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী বাচ্চু বলেন, অনেক দিন ধরে বাজারে মাছ ছিল না। সকালে মহিপুর ও আলিপুর থেকে ছোট ছোট ট্রলার বরগুনা বাজরের ঘাটে এসেছে । জেলেদের থেকে মাছ কিনে বাজরে বিক্রি করছি । আবহাওয়া খারাপ থাকায় কয়েকদিন জেলেরা মাছ ধরতে পারেনি, এখন বাজারে মাছ আসতে শুরু করেছে। সরবরাহ বেশি থাকায়০ দাম আগের চেয়ে তুলনামূলক কম।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় অবরোধের পরে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেননি। দুই-তিনদিন হলো মাছ ধরার ট্রলার সাগরে যেতে শুরু করেছে। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রচুর চাহিদা রয়েছে।