শিগগিরই নিয়ন্ত্রণে আসবে হাম-রুবেলা : অতিরিক্ত স্বাস্থ্য সচিব

শিশুদের চিকিৎসায় আইসিইউ সংকট একটি বড় সমস্যা হিসেবে রয়েছে। তবে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করার আশ্বাস দেয়া হয়েছে।

হাম-রুবেলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। রোববার (২৬ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মূলত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবে মো. খোরশেদ আলম এ পরিদর্শনে আসেন।

তিনি বলেন, ‘সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে এবং এর ধারাবাহিকতায় সংক্রমণ পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক পর্যায়ে আসবে।’

অতিরিক্ত সচিব বলেন, ‘হাম-রুবেলা হঠাৎ করে দেশে প্রাদুর্ভাব শুরু হয়েছে। তবে এখন যে ক্যাম্পেইন চলছে, তাতে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দেশের প্রতিটি এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।’

স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশুদের চিকিৎসায় আইসিইউ সংকট একটি বড় সমস্যা হিসেবে রয়েছে। তবে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করার আশ্বাস দেয়া হয়েছে। অর্থ বরাদ্দ বাড়লে আইসিইউ সুবিধা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে।’

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের সুবিধা-অসুবিধা ও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর, সিভিল সার্জন ডা. এস এম মনজুর এ এলাহি এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আরও