আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানুয়ারি মাসের মাসব্যাপী পূর্বাভাস প্রকাশ করা হয়। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ (৬–৮ ডিগ্রি থেকে ৪–৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে শীতের প্রকোপ তুলনামূলক বেশি অনুভূত হতে পারে।
এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক ক্ষেত্রে স্থায়ী হতে পারে দুপুর পর্যন্ত। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে। ফলে শীতের অনুভূতি আরো তীব্র হতে পারে।
জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।