বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে —মিয়া গোলাম পরওয়ার

বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, জনগণের সঙ্গে প্রতারণাও করছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে হ্যাঁ ভোট চেয়েছে। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোট মানে না।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গতকাল বিকালে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে থাকেন তবে তিনি কেন গণভোটের রায় বাস্তবায়ন করছে না। ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে গণভোট জয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো বাতিল হয়ে গেছে। এজন্যই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা ছলেবলে কৌশলে ফ্যাসিবাদের পথে ফিরে যেতে চায়।’

শাহবাগে গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই দিনে একই তফসিলে দুটি নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচনের পর বিএনপি একটি নির্বাচনকে বৈধ বলছে, আরেকটিকে অবৈধ বলছে। বিএনপির দ্বিচারিতা আচরণ জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতার শামিল।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ‘শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা এসে ২০১৪ সালে ফ্যাসিবাদী হিসেবে আবির্ভাব হয়েছে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় বসে এক মাস হতে না হতেই ফ্যাসিবাদের পথে হাঁটছে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণভোটের রায় উপেক্ষা করে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে আরেকটি ৫ আগস্টের জন্য প্রস্তুতি নিতে হবে।’

আরও