মানিকগঞ্জে এক সচেতনতামূলক প্রচার কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে কাউকে বাধ্য করা হচ্ছে না। তিনি বলেন, এ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ কাওকে ‘না’ ভোট দেয়া থেকে বিরত রাখা হচ্ছে না।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের মাঝে সচেতনতামূলক প্রচার কার্যক্রমে উপদেষ্টা ফাওজুল কবির খান এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, আগে দেশ এক ব্যক্তি ও একদলীয় শাসনের হাতে জিম্মি ছিল। সে অবস্থা থেকে মুক্তির জন্যই বর্তমান নির্বাচন এত গুরুত্বপূর্ণ। তার মতে, এক ব্যক্তির শাসন ও একদলীয় শাসন থেকে বেরিয়ে আসার জন্যই এ আন্দোলন হয়েছে।
এ সময় সাংবাদিকরা সারাদেশে এলপিজি গ্যাসের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এলপিজি ব্যবসা সরকারের হাতে নেই। তিনি জানান, ৯৮ শতাংশ এলপিজি ব্যবসা বেসরকারি খাতের নিয়ন্ত্রণে।
তিনই জানিয়েছেন, সরকার এলপিজি গ্যাসের দাম সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করছে এবং এলপিজি মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকও হয়েছে।
ফাওজুল কবির খান আরো বলেন, এলপিজি আমদানিকারকেরা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজে গ্যাস আনা সম্ভব হচ্ছে না। এ কারণেই সাময়িক সংকট তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।