সাতক্ষীরা কারাগারে সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগারে মারা গেছেন জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮)। গতকাল রোববার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আজ সোমবার ভোর চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

অ্যাডভোকেট আব্দুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইশা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের রসুলপুর এলাকায় বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ৮টি হত্যা ও নাশকতা মামলায় তিনি পাঁচ মাসেরও অধিক সময় সাতক্ষীরা কারাগারে ছিলেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আব্দুর রহমান জানান, রাত ৩টার দিকে কারাগার থেকে আব্দুল লতিফকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দেবদুলাল বলেন, হাজতি আব্দুল লতিফ ভোর রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও