বরিশালে বাসচাপায় দাদি-নাতি নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকায় বাসচাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সী মেয়ে আরফা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) বেপরোয়া গতিতে যাওয়ার সময় মহাসড়ক পারাপার করা দাদি ও নাতিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আরও