দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য ও সহজ করতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়, এমন কোনো কার্যক্রমের পক্ষে কমিশন নেই।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ওই সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
ইসি মাছউদ বলেন, নির্বাচনের জন্য বর্তমানে সহায়ক পরিবেশ রয়েছে। এবারের নির্বাচনে কোনো ধরনের কৃত্রিম ব্যবস্থাপনা থাকবে না। নির্বাচন কমিশন সরেজমিনে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটি ভালো নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী দায়িত্বে থাকা প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী সক্রিয় রয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা নির্বাচন সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলছেন। কমিশনের অনুরোধে পোস্টার অপসারণ করা হয়েছে এবং কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে।
এ সময় শরীফ ওসমান হাদী হত্যার ঘটনাকেও নিন্দনীয় বলে উল্লেখ করেন ইসি মাছউদ। তিনি জানান, এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনার কথা বলা হয়েছে।
মতবিনিময় সভায় আরো ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং মহানগর পুলিশের উপকমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।