ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১)। তারা দুজনই সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে তারা ভেতরে নামেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা অ্যামোনিয়া গ্যাসের কারণে তারা মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।