নরসিংদীতে পুরনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষক প্রত্যাহার

বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারেন তাদের কাছে চলতি বছরের পরিবর্তে ২০২৫ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেয়া হয়েছে।

নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারেন তাদের কাছে চলতি বছরের পরিবর্তে ২০২৫ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেয়া হয়েছে। পরে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হলেও অতিরিক্ত সময় না পাওয়ায় ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্রের সচিব ও নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার বলেন, ভুলবশত পুরনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই তা পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র দেয়া হয়। তিনি বলেন, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং বিব্রতকর ঘটনা।

তিনি জানান, প্রশ্নপত্র আনা-নেয়া ও সার্বিক দায়িত্বে থাকা নরসিংদী সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আমি দ্রুত কেন্দ্রে পৌঁছে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি। ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আরও