ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের দুই নৌরুটেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মাঝ নদীতে আটকে পড়েছে পাঁচটি ফেরি। চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে তিন শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাক রয়েছে শতাধিক। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ৯টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে কুয়াশা ভেদ করে নৌ দেখা যাচ্ছিল না। নৌ দুর্ঘটনা এড়াতে আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও চিত্রা নামে দুটি ফেরি। এছাড়া অপর দুটি ফেরি কাজিরহাট ঘাটে আটকিয়ে রাখা হয়।
আবদুস সালাম আরো জানান, রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। এ সময় মাঝ নদীতে শাহপরান, গোলাম মাওলা ও বাইগার নামে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়।ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন আটকে পড়ে।
কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান ওই কর্মকর্তা।