বিএনপি সমালোচনায় নয়, কাজে বিশ্বাসী: মির্জা ফখরুল

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি করেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গীবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না।

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করি না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী আসনের নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, চরমোনাই পীরসাহেব বলেছেন জামায়াত ইসলাম কোনো ইসলামী দল না। আলেম-ওলামারা বলছে, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ ভোটার আর মা-বোনদের ভুল বুঝাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। আল্লাহ নির্ধারণ করবেন তাকে বেহেশত দেবেন কি না।

মির্জা ফখরুল বলেন, টেলিভিশনে-মোবাইলে দেখা যাচ্ছে একটা দলের নেতা নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি ইজ্জত-সম্মান না করতে পারি, তার সম্পর্কে কটু কথা বললে কি বেহেশতে যেতে পারব?

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, রাজনীতি করেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গীবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না।

এসময় দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও