পহেলা বৈশাখের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। আজ নির্বাচন কমিশন সচিবালয় ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘ঝড়-বৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন পরিকল্পনা করছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই আয়োজন করা হবে।’
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসনের সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসন ছেড়ে দেয়ার ইচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হয়।
অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এ আসনের নির্বাচন করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।