দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ সিটি ও রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে ও ঐতিহাসিক ‘গ্রেট প্যাট্রিওটিক ওয়ার’ (১৯৪১-১৯৪৫)-এর ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকাস্থ রুশ হাউসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

আজ শুক্রবার সকালে ধানমন্ডি লেক এলাকায় ‘গার্ডেন অব মেমোরি’ বা (স্মৃতি উদ্যান) শীর্ষক এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক প্রকল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২ কোটি ৭০ লক্ষ মানুষের স্মরণে প্রতি বছর রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে গাছ রোপণ করা হয়। রোপনকৃত প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক হিসেবে একই সঙ্গে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণে এ আয়োজন করায় ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরো বলেন, ‘গার্ডেন অব মেমোরি’ শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।

আরও