মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা আয়োজনের মাধ্যমে স্কুল গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন চিন্তার চাষের পরিচালক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. কাজল কলি, সহকারী শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য ও মো. আলাউদ্দিন, ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, শহীদ সাজ্জাদ বিজিবি পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক মোসা. মমিতুন্নাহার, নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হারুনুর রশিদ, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ রায়সহ অন্যরা।
কর্মশালায় গবেষণা কী, কেন; নৈতিকতা ও গবেষণার সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া খুদে গবেষকরা তাদের আগ্রহের ক্ষেত্র চয়ন করে, যার মাধ্যমে পরবর্তীকালে গবেষণা প্রস্তাব ও কাজের পদ্ধতি নির্ধারণ করা হবে।