জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেরিতে হলেও জাতির কাঁধ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেল। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আজ শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জানানো প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, তিনি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে আমাদের আগ্রহ নেই। কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি, তিনি প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনু্যায়ী, অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান স্পিকার দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং তাকে আশ্বস্ত করছি, তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব তিনি ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোনো পক্ষপাতিত্ব করবেন না। যদি এভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব।
ডা. শফিকুর রহমান আরো বলেন, সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। যেহেতু এর ভেতরেই সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে, তাই হয়তো স্বাভাবিক প্রক্রিয়াতেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সময় এলেই আমাদের ভূমিকা কী হবে আপনারা দেখতে পারবেন।