গণভোটে যাওয়ার দাবি বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে সংসদের স্ট্যাটাস দেয়া হচ্ছে: জাপা মহাসচিব

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের ইতিহাসে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ, আওয়ামী লীগ মিলে শতকরা ৫০ ভাগ ভোট পেয়েছে। বিপুল সংখ্যক মানুষকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সংসদ ছাড়া গণভোটে যাওয়ার দাবি বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে সংসদের স্ট্যাটাস দেয়া হচ্ছে। এ কমিশন সার্বভৌম নয়, নির্বাচিত নয়, সংসদে পাস হয়নি। তারা কোনো আইন পাস করলে সেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।

শনিবার (১ নভেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ৫৬টি নিবন্ধিত দলের মধ্যে ঐক্য প্রক্রিয়ায় ৩০টি দলকে ডাকা হয়েছে। যে দলগুলো ডাক পেয়েছে তাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। অনেকে দাবি করেছে আগে গণভোট, পরে নির্বাচন। তবে সংবিধানে গণভোটের নিয়ম নেই।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের ইতিহাসে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ, আওয়ামী লীগ মিলে শতকরা ৫০ ভাগ ভোট পেয়েছে। বিপুল সংখ্যক মানুষকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে। সরকারের উচিত এটি ঠেকাতে সব দলকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করা। নাহলে দেশ দীর্ঘ মেয়াদে দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে। কিছু দল ঐকমত্য কমিশনের অনুষ্ঠানে স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে। আজ তারা ঐক্যমত কমিশনের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করছেন।

নির্বাচনের আগে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে বলেও জানান জাপা মহাসচিব। তিনি বলেন, নিরপেক্ষ, সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে যোগ দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ।

আরও