পোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় মালিকের অভিযোগ

সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে তার একটি বিড়াল পিছু নেয়। এ সময় ফিরোজা বেগমের পোষা কুকুর বিড়ালটিকে কামড়ে দেয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে পিটিয়ে বিড়ালটিকে মেরে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)। গতকাল সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় নিয়ে থানায় যান তিনি।

অভিযুক্ত ফিরোজা বেগম শামশুল আলমের প্রতিবেশী। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শামশুল আলমের দুটি পোষা বিড়াল রয়েছে। দীর্ঘদিন ধরে দুটি পোষা বিড়াল লালন-পালন করছেন তিনি। সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে তার একটি বিড়াল পিছু নেয়। এ সময় ফিরোজা বেগমের পোষা কুকুর বিড়ালটিকে কামড়ে দেয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে পিটিয়ে বিড়ালটিকে মেরে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শামশুল আলম বলেন, বিড়ালগুলো আমার সন্তানের মতো। অনেক যত্নে লালন করেছি। তুচ্ছ ঘটনায় ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরও