চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারত নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গতকাল চট্টগ্রাম-ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী (কমিশনিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জ্বালানি সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন-উল আহসান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল হাসানুজ্জামান ও প্রকল্প পরিচালক কর্নেল সুলতান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন প্রকল্পে ভ্যালু অ্যাডিশন বাড়াতে হবে। দুর্নীতির কারণে সম্পদের সদ্ব্যবহার হচ্ছে না। দুর্নীতি রোধ করে দেশীয় সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সেজন্য বিদেশীদের ওপর নির্ভরতা কমাতে হবে। যাতে দেশীয় সক্ষমতা ব্যবহার করা সম্ভব হয়।’

অনুষ্ঠানে বিপিসির চেয়ারম্যান মো. আমিন-উল আহসান বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বিপিসি। জ্বালানি তেল সরবরাহের এ আধুনিক ব্যবস্থা চালু হওয়ায় অপচয় রোধ, অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’

বিপিসির কর্মকর্তারা জানান, ২৫০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হলে পরিবহন খরচ বাবদ বছরে সাশ্রয় হবে অন্তত ২০০ কোটি টাকা।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ৫০ লাখ লিটার ডিজেল চট্টগ্রামের পতেঙ্গা থেকে ঢাকার গোদনাইলে পরিবহন করতে সময় লাগছে মাত্র ১২ ঘণ্টা। আগে নৌপথে ডিজেল পরিবহন করতে সময় লাগত ৪৮ ঘণ্টা।

আরও