রাজবাড়ীর গোয়ালন্দে সঢ়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় মন্ডল (২৫) ও তার স্ত্রী শ্রাবনী ভাদুরী ( ২১)।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর ) রাত সোয়া নয়টার দিকে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ওই দম্পতি ঢাকা থেকে ফরিদপুরের মধুখালি যাচ্ছিল। এ সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দ্রুতগতির কোন যানবাহনের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই শ্রাবনী ভাদুরীর মৃত্যু হয়। স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সঞ্জয়ের মৃত্যু হয়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ জানান, সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী দুই জনের মৃত্যু হয়েছে। যে গাড়ির সাথে তাদের ধাক্কা লেগেছিল সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।