কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কাহারুল মুন্সী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কবরস্থানের পাশে এলজিইডির খাল খননের কাজ চলছিল। সে খননকৃত মাটি কবরস্থানে ফেলার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী।
বুধবার রাতে কবরস্থানে মাটি ফেলা হবে—এমন খবর পেয়ে জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সী তাদের ছেলে আবদুল্লাহকে নিয়ে সেখানে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে লাগাতার কিলঘুষির আঘাতে কাহারুল মুন্সী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই চিকিৎসক কাহারুল মুন্সীকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাজমা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাহফুজুর রহমান) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।