ফেনীতে মারধরের শিকার হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত জসিম উদ্দিন (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় কয়েকজন জসিম উদ্দিনকে আটক করেন। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন।
পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। এ সময় পিবিআইয়ের বায়োমেট্রিক পদ্ধতিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। সংশ্লিষ্ট থানার মাধ্যমে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।