মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকায় নদীতে গোসলে করতে নেমে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নাইম (২৭)। তিনি সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠীরা জানান, সাপ্তাহিক ছুটির দিনে পদ্মা সেতু দেখতে মাওয়া প্রান্তে যান এমআইএসটির ১৮ শিক্ষার্থী। এ সময় ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে তারা নদীতে ঘুরতে বের হন। এক পর্যায়ে তাদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামেন। এ সময় তীব্র স্রোতের কারণে দুজন সাঁতরে ট্রলারে উঠলেও নাইম পারেননি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।