সংঘর্ষে আবদুল গফুর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
গতকাল দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আবদুল গফুরের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের টাকা ধার নেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। আলমের অভিযোগ, ময়েন আগে ধার নেয়া টাকা পরিশোধ করেননি এবং আবার টাকা চাইলে তা না দেয়ায় বিরোধের সূত্রপাত হয়। ওই ঘটনার জের ধরে ময়েন উদ্দিন লোকজন নিয়ে আলমের বাড়িতে যান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নিহত আবদুল গফুরের ছেলে আলমের দাবি, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই তাদের বাড়িতে হামলা চালানো হয়। মারধরের ঘটনায় তার বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, টাকাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আবদুল গফুর নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।