সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ দস্যু আটক

দুদিনব্যাপী অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর তিনজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। তারা সম্প্রতি বন থেকে জেলেদের অপহরণ করেছিল। গত বুধবার বন বিভাগ জেলেদের উদ্ধার করতে সক্ষম হলেও, ডাকাতদের আটক করতে পারেনি।

সুন্দরবনে পঞ্চমবারের মত 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিফ।

আটক দস্যুরা হলেন বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা মো. এনায়েত (২৫)। তারা সবাই সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লে. ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা পূর্ব বন বিভাগের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত বুধবার অভিযান শুরু করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত দুদিনব্যাপী অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর তিনজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। তারা সম্প্রতি বন থেকে জেলেদের অপহরণ করেছিল। গত বুধবার বন বিভাগ জেলেদের উদ্ধার করতে সক্ষম হলেও, ডাকাতদের আটক করতে পারেনি।

তিনি আরো জানান, জব্দ অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরও