এভিয়েশনে দক্ষ জনবল নিশ্চিত হলে বহুগুণ আয় বাড়বে

আব্দুল হাই সরকার, চেয়ারম্যান

বিএবি ও ঢাকা ব্যাংক পিএলসি

গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো, যাত্রীসেবা এবং ফ্লাইট পরিচালনার পুরো প্রক্রিয়ায় এখনো নানা দুর্বলতা রয়েছে। এমনকি উড়োজাহাজ অবতরণের পর বোর্ডিং ব্রিজ যুক্ত হওয়ার পরও গেট খুলতে ১০-১৫ মিনিট অপেক্ষার মতো ঘটনা ঘটে।

আমাদের বিদ্যমান অবকাঠামো এখনো বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট দুর্বল। গ্রাহকসেবার মান উন্নত করতে কার্গো হ্যান্ডলিং, বিমানবন্দর পরিচালনা ও সামগ্রিক ব্যবস্থাপনায় দ্রুত সংস্কার প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেটি যাত্রী ও ব্যবহারকারীদের সেবায় কতটা কার্যকরভাবে কাজে লাগছে, সেদিকেও নজর দিতে হবে। বিমানবন্দর পরিচালনার বিভিন্ন স্তরে অভিজ্ঞ, দক্ষ ও পেশাদার জনবল নিয়োগ জরুরি। অদক্ষতার কারণে যেসব সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিদেশী পেশাদার ও কারিগরি বিশেষজ্ঞ নিয়োগের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কারণ আন্তর্জাতিক বড় এয়ারলাইনসগুলোও পরিচালনা ও কারিগরি কাজে বিদেশী বিশেষজ্ঞদের সহায়তা নেয়।

গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো, যাত্রীসেবা এবং ফ্লাইট পরিচালনার পুরো প্রক্রিয়ায় এখনো নানা দুর্বলতা রয়েছে। এমনকি উড়োজাহাজ অবতরণের পর বোর্ডিং ব্রিজ যুক্ত হওয়ার পরও গেট খুলতে ১০-১৫ মিনিট অপেক্ষার মতো ঘটনা ঘটে। এ ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সেবাগত ত্রুটি বিদেশী যাত্রীদের অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অন্যদিকে এভিয়েশন খাত বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখার সক্ষমতা রাখে। জনশক্তি রফতানি, তৈরি পোশাক ও চামড়ার পাশাপাশি এ খাত থেকেও বড় অংকের রাজস্ব আয় সম্ভব। পর্যাপ্ত উড়োজাহাজ, আধুনিক সরঞ্জাম এবং দক্ষ জনবল নিশ্চিত করা গেলে এ খাতের আয় বহুগুণ বাড়ানো সম্ভব। বিশেষ করে বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের জন্য দেশের নিজস্ব এয়ারলাইনস ও উন্নত সেবা নিশ্চিত করা গেলে বড় একটি বাজার তৈরি করা সম্ভব।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, ‘‌টাকা কোনো সমস্যা নয়।’ ব্যাংকের পরিচালনা অংশীদার হিসেবে আমিও মনে করি, টাকা সত্যিই কোনো সমস্যা নয়। যদি আপনার প্রকল্প সঠিক হয় এবং তা থেকে আয় বা সুফল আসার নিশ্চয়তা থাকে, তবে অর্থায়নের অভাব হবে না। এমনকি আমাদের যে নিজস্ব সম্পদ রয়েছে, তা দিয়েই স্থানীয়ভাবে অর্থায়ন সম্ভব, বিদেশী অর্থায়নের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। তবে সে জন্য সঠিক পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করতে হবে। আমাদের অবকাঠামো ও উড়োজাহাজ থাকলেও মূল সমস্যা হলো দক্ষ ব্যবস্থাপনার অভাব। মানসম্মত ব্যবস্থাপনা না থাকলে জাতীয় সম্পদকে জনগণ ও যাত্রীদের কল্যাণে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

আরও