বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও টেকসই সমাধান খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ। আজ রোববার (২৪ আগস্ট) থেকে আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীর সেনাবাহিনী পরিচালিত হোটেল বে-ওয়াচ মিলনায়তনে এ সংলাপ চলবে।
আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আট বছর পূর্ণ হতে যাচ্ছে। ২০১৭ সালের ২৫ আগস্ট প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছিল প্রায় ৮ লাখ রোহিঙ্গা। আগে থেকে থাকা রোহিঙ্গাদের যোগ করলে বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখে। দীর্ঘ অর্ধযুগ ধরে প্রত্যাবাসনের নানা উদ্যোগ নেয়া হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ আয়োজনে এই সম্মেলনের শিরোনাম রাখা হয়েছে, ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের মানবিক সংকট তুলে ধরা কঠিন। তবে এই সম্মেলনে রোহিঙ্গারা নিজেরাই সরাসরি তাদের বক্তব্য জানাতে পারবেন। মানবিক সহায়তার পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়াই আলোচনার মূল বিষয়।
তিনি জানান, আগামী ২৪ ও ২৫ আগস্ট পাঁচটি কর্ম অধিবেশনে মানবিক সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন ও টেকসই সমাধান নিয়ে আলোচনা হবে। আর ২৬ আগস্ট অতিথিরা উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে পুরো জেলায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।